বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পটুয়াখালীর ৬ জেলে নিখোঁজ
পালস নিউজ পটুয়াখালী : গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে পটুয়াখালীর ছয় জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানা ড়েগছে।
স্থনীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) রাতে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন থেকে ১১ জন জেলেকে নিয়ে একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে যায়। পরে রোববার (৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়।
ট্রলারডুবির পর জেলেরা ট্রলারের ভাঙা অংশ ও একটি বয়া ধরে সাগরে ভাসতে থাকেন। প্রায় ছয় ঘণ্টা পর অন্য একটি মাছ ধরার ট্রলার পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজীব (২৫)। এখনো নিখোঁজ রয়েছেন— ইমাদুল খাঁ (৪৫), হারুন (৬০), ফোরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) ও আক্কাস (২৫)।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হক জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন