শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা
পালস নিউজ বিডি : বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রে ভুল এবং পরীক্ষার মান নিয়ে ক্ষোভ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে যাত্রা করে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা।
বুধবার (১৫ জুলাই) বিকেলে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে প্রায় ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। তারা প্রায় ১৫ থেকে ২০ মিনিট সড়ক বন্ধ রাখার পর সচিবালয়ের দিকে রওনা হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছান। সেখানে আগে থেকেই পুলিশ ব্যারিকেড স্থাপন করে রেখেছিল। বর্তমানে তারা ওই এলাকায় অবস্থান করে তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে বারবার ভুল হচ্ছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ত্রুটির ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।
এর আগে একই দাবিতে দুপুরের পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীদের একটি অংশ। পরে সেখানে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, বৃষ্টি, জলাবদ্ধতা ও বিভিন্ন অঞ্চলের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
এর আগে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে রাতের দিকে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি হিসেবে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা করেন।
মতামত দিন