আগামী-বছরের-এসএসসি-পরীক্ষা-দুই-মাস-পেছানোর-চিন্তা-ভাবনা-করছে-শিক্ষা-বিভাগ
পালস নিউজ বিডি : আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করার প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা বিভাগ। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পিছিয়ে মার্চ মাসে শুরু করার বিষয়ে নতুন আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষা আগামী মার্চে শুরু করার বিষয়ে নতুন করে আলোচনা চলছে।
সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবকিছু চূড়ান্ত হলে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে।
শিক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নেওয়ার পাশাপাশি অভিভাবকদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব বিষয় পর্যালোচনা করে এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। তাই আগামী মার্চে পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭।
১৪ মে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি, এইচএসসি ও সমমানের ৪০ লাখ শিক্ষার্থীদের জন্য, ২ বছরে গ্যাপ নিরসনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, ডিসেম্বর মাসকে শিক্ষা বছরের শেষ এবং পরীক্ষার মাস হিসেবে ধরা হবে।
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হয়ে আসছিল। তবে করোনা মহামারির পর সেই সূচি আর বজায় রাখা যাচ্ছে না; বরং পরীক্ষা আরও পিছিয়েছে। চলতি বছরও (২০২৬) এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় জুলাই মাসে।
এমন পরিস্থিতিতে আগামী বছরের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ। এর আগে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে অংশীজনদের নিয়ে আয়োজিত সভাতেও ডিসেম্বরে পরীক্ষা না নেওয়ার পক্ষে মত আসে। এরপর আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি জুনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
তবে শেষ পর্যন্ত পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয় এমনটাই বলছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন