ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ বন্যা ও প্রান হানির জন্য দায়ী
পাালস নিউজ বিডি : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে বন্যায় প্রাণহানি হচ্ছে। অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যার ভয়াবহতা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াত সহজ করতে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এর ফলে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে এসব প্রকল্প নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রিজভী আরও অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এর কারণে সুন্দরবন এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি সারা দেশে শোক পালন করছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন এবং দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকাও উত্তোলন করেছেন।
এ সময় বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান রিজভী।
মতামত দিন