জুলাই-গণহত্যা:-দ্রুত-বিচারের-দাবিতে-ট্রাইব্যুনালে-১১-দলেীয় জোটের-স্মারকলিপি
পালস নিউজ বিডি : ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে জোটের একটি প্রতিনিধিদল সাত দফা দাবি সংবলিত এ স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের গুরুত্বপূর্ণ অনেক ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি। এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
এতে আরও বলা হয়, অভিযুক্ত অনেক পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখনো গ্রেপ্তার হননি। অনেকে সরকারি দায়িত্বে বহাল রয়েছেন বলেও অভিযোগ করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ঢাকা, রংপুর ও কুষ্টিয়ার বাইরে সংঘটিত অনেক ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি।
এ ছাড়া হত্যাকাণ্ড, হামলা, গুম, খুন এবং মরদেহ গোপন বা ধ্বংসের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তদন্ত ও বিচার কার্যক্রমে ধীরগতি দেখা যাচ্ছে। এতে ভুক্তভোগী পরিবার ও বিচারপ্রত্যাশীদের মধ্যে ন্যায়বিচার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরাও ছিলেন।
মতামত দিন