জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
পালস নিউজ বিডি : বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তাই বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জ সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। আমাদের দল গত পাঁচ দশক ধরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে।
বিরোধী রাজনৈতিক মহলের একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগের বিষয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন। বিএনপির রাজনীতির মূল ভিত্তিই হচ্ছে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার।
তিনি আরো বলেন, জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তাই বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী হবে। উভয় দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষা করেই চুক্তি সম্পন্ন হবে। বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
এর আগে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারের মাত্র তিন মাস হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
এছাড়া জেলা সার্কিট হাউসে জেলার অবকাঠামোগত উন্নয়ন ও চলমান প্রকল্প নিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, এলজিইডি মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকল্প পরিচালক মাহাবুব আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন