গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসির সরাসরি পদক্ষেপ নেয়ার সুযোগ নেই
পালস নিউজ বিডি : বহিস্কৃত জামায়াত নেতার সংসদ সদস্য পদ নিয়ে জাতীয় সংসদের স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্স ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি সাংবাদিকদের বলেন, সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর সংসদ সদস্যপদ নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে। তবে জাতীয় সংসদের স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্স ছাড়া এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
সিইসি বলেন, এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। পরে দলটি তাঁর সংসদ সদস্যপদ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে চিঠি পাঠায়।
সিইসি আরোও জানান, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী এ ধরনের বিষয়ে প্রথমে স্পিকারকে বিষয়টি উত্থাপন করতে হয়। স্পিকার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে রেফার করলে কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় আসেনি। স্পিকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পেলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মতামত দিন