ইসিতে শামসুল আলমের নিয়োগ : বাতিলের দাবি জামায়াতের
পালস নিউজ বিডি : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী । রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা রাজনৈতিক নিরপেক্ষতা ও জবাবদিহির পরিপন্থি।
মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এ দাবি জানান।
তিনি বলেন, শামসুল আলম অবসরের পর বিএনপির একটি সংসদীয় আসন পুনর্বিন্যাস-সংক্রান্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এমন একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
মিয়া গোলাম পারওয়ারের দাবি, সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিবের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা থাকবে। এ কারণে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিকে ওই পদে নিয়োগ দিলে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হতে পারে।
তিনি অবিলম্বে ওই নিয়োগ বাতিলের দাবি জানান। একই সঙ্গে বলেন, তা না হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়েও রাজনৈতিক দলগুলোকে নতুন করে ভাবতে হতে পারে।
মতামত দিন