বিমানবন্দরের বাইরে গাড়ি তল্লাশি করে পাওয়া গেল প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ
পালস নিউজ বিডি : ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার (১০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্য থামানোর চেষ্টা করা হয়। এ সময় গাড়ির চালক মো. শামিম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান।
এ সময় গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত পাওয়া যায়। পরবর্তীতে গাড়িটি আরও ভালোভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, এর মধ্যে একটি নতুন আইফোন ১৭ প্রো, দুটি ব্যবহৃত মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স, একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়।
পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা কাস্টমস হলে গাড়িতে পাওয়া সব পণ্যের ইনভেন্টরি করেন। কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণের মান ২৪ ক্যারেট পাওয়া যায়। স্বর্ণগুলোর মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরির সমান। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
এ ঘটনায় গাড়ির চালক মো. শামীম মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
মতামত দিন