শিশুদের গোপনীয়তা লঙ্ঘন : যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিচ্ছে টিকটক
পালস নিউজ বিডি :
শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি ডলার দিতে রাজি হয়েছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। এটি শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় দেশটির অন্যতম বড় নিষ্পত্তি (বিবিসি)।
২০২৪ সালে করা মামলায় অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী লাখো ব্যবহারকারীর বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করেছে টিকটক। এতে ২০০০ সালে প্রণীত শিশুদের জন্য ‘চিলড্রেনস প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’ লঙ্ঘন হয়েছে। একই আইনে এখন মেটার বিরুদ্ধেও ২৯টি অঙ্গরাজ্য মামলা করছে।
চুক্তি অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স তাৎক্ষণিকভাবে বিচার বিভাগকে ৩০ কোটি ডলার দেবে। ২০১৯ সালের ফেডারেল ট্রেড কমিশনের একটি সমঝোতা আদেশ বাতিল হলে আরো ১০ কোটি ডলার দিতে হবে।
এর আগে, টিকটকের পূর্বসূরি মিউজিক্যালি চিলড্রেনস প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট লঙ্ঘনের দায়ে ৫৭ লাখ ডলার জরিমানা দিয়েছিল এবং ১৩ বছরের কম বয়সীদের জন্য অভিভাবকের সম্মতি নেয়ার শর্ত মানতে রাজি হয়েছিল।
মামলার সময় টিকটকে ১৭ কোটির বেশি কিশোর ব্যবহারকারী ছিল। এ সময় তাদের বয়স যাচাই ও অভিভাবকের সম্মতি নেয়ার ব্যবস্থা যথেষ্ট ছিল না বলে অভিযোগ ওঠে।
এদিকে গত বছর টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম চীনা মূল প্রতিষ্ঠান থেকে আলাদা হয়। বর্তমানে মার্কিন কার্যক্রমের ৮১ শতাংশ একটি বিনিয়োগকারী জোটের মালিকানায়, বাইটড্যান্সের অংশ ১৯ শতাংশ।
মতামত দিন