নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের এই হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে নতুন ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার পরিধি বাড়াতে ৫০০ শয্যার নতুন এই প্রসারিত ভবনটি যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা দাঁড়িয়েছে ১০০০টিতে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই সম্প্রসারণের ফলে প্রতিষ্ঠানটি পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ও আধুনিক বিশেষায়িত নিউরোসায়েন্সেস কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করল।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৫ তলাবিশিষ্ট নতুন এই ভবনের ভূগর্ভস্থ তিন তলা রাখা হয়েছে পার্কিং এবং সার্ভিস সেকশনের জন্য। ওপরের ১২ তলায় রয়েছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার এবং আধুনিক ডায়াগনস্টিক ইউনিট। এছাড়া বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবনে যুক্ত করা হয়েছে ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিন।
এর আগে ২০১২ সালে ১০ তলাবিশিষ্ট প্রথম ভবনটিতে ৩০০ শয্যা নিয়ে এই হাসপাতালের আনুষ্ঠানিক চিকিৎসা কার্যক্রম চালু করা হয়েছিলো। তবে দেশজুড়ে স্নায়ুরোগীর চাপ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় ও সুচিকিৎসা নিশ্চিত করার তাগিদে শয্যাসংখ্যা বাড়াতে এই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
মতামত দিন