সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ব্যর্থ হলে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র বড় বড় হাসপাতাল, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীকে টার্গেট করে ভয়ভীতি, হুমকি এবং সর্বশেষ হামলার মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছিল।
চক্রটির সাত সদস্যের মধ্যে পুলিশ ও ডিবি চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, লক্ষ্মীপুর, যাত্রাবাড়ী ও সাতারকুল থেকে তিনজনকে এবং হামলার দিন ঘটনাস্থল থেকে আরও একজনকে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের আরও কাজ করা বাকি আছে। এসব সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রকে নির্মূল করতে চাই।
আজকেও নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, তাদের অতিশীঘ্র হেফাজতে নিতে হবে। যারা এতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায়। এগুলোই হয়তো তাদের উদ্দেশ্য। তারা গডফাদারদের নামও ব্যবহার করে। পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যেই মূলহোতাকে গ্রেপ্তার করতে পেরেছে। সে বিদেশে ছিল। হুন্ডি ব্যবসায় লোকসান খেয়ে দেশে এসে কিছু সন্ত্রাসীকে একত্রিত করে চক্রটি গড়ে তুলেছে। তাদের টার্গেট ছিল ধনাঢ্য ব্যক্তিরা।
তিনি আরও বলেন, আমরা শুধু চাঁদাবাজদের তালিকা করছি না; চাঁদাবাজদের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকেন, তাদের তালিকাও করছি।
মতামত দিন