পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
নিজস্ব প্রতিবেদক :
পদ্মা ব্যাংক পিএলসি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মতলেব পাটোয়ারিসহ ১০ জনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার নবনিযুক্ত কমিশন মামলা অনুমোদন করেন।
সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) মো: আকতারুল ইসলাম জানান, ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলার অনুমোদন দিয়েছেন। আসামিরা হলেন, এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো: মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম ও মমিনুরের মামা মো: অজিত উল্লাহ, পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারি, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) কর্নেলিয়াস গমেজ,সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো: রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এফভিপি) এম.আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো: কাওসার হোসেন।
অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের ১ কোটি ৯৫ লক্ষ টাকা আত্মসাত করেছেন। পরবর্তীতে অর্থ পাচার সংক্রান্ত অপরাধ করেছেন। আসামির বিরুদ্ধে দ-বিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলাটির অনুমোদন হয়।
মতামত দিন