সীমান্ত রক্ষা ও হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নিতে হবে : রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক :
সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বিজিবির কার্যক্রমের প্রশংসা করেছেন তিনি।
সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবিকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে বাহিনীর প্রয়োজনীয় উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতামত দিন