বিমানের জন্য ১০টি এয়ারবাস কিনছে সরকার, অক্টোবরে চুক্তি : বিমানমন্ত্রী
পালস নিউজ বিডি : ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানি এয়ারবাসের কাছ থেকে বাংলাদেশ ১০টি এয়ারবাস ক্রয় করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আগামী মাসে এ চুক্তি হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, , যুক্তরাষ্ট্র থেকে এ পর্যন্ত ২৫টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। প্রথম বোয়িং আসবে ২০৩১ সালে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র বলছে, বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। নতুন করে বোয়িংয়ের ১১টি ও এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনলে কয়েক বছরে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির বহরে উড়োজাহাজ হবে ৫৪টি।
গত এপ্রিল মাসে প্রায় ৪৫ হাজার কোটি টাকায় ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চুক্তি অনুযায়ী, আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ রয়েছে।
মতামত দিন