দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজ : স্পিকার হাফিজ
নিজস্ব প্রতিবেদক :
আমাদের দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তাই দুর্নীতিগ্রস্ত ও ঘুষখোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সরকারি কর্মকর্তাদের ঘুষখোরি, চুরি ও লুটপাটের কারণেই সাধারণ মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ডে আক্ষেপ প্রকাশ করে স্পিকার হাফিজ বলেন, ‘বড় অদ্ভুত দেশ আমাদের। এখানে অধিকাংশ সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজ, চোর। তারা ঘুষখোরি, লুটপাট এসব করে থাকে। এ কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে’।
সাবেক শাসকদলের সমালোচনা করে স্পিকার বলেন, আওয়ামী লীগ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশের সর্বনাশ করে গেছে। অনিয়মের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে তারা দেশের কোষাগার লুণ্ঠন করেছে এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে ফিলিপাইনে পাচার করেছে। অথচ ফিলিপাইনে যারা এ অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা সবাই বর্তমানে কারাগারে থাকলেও বাংলাদেশে এ ঘটনায় জড়িত কারো বিচার হয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ আমলের একটা প্রতিমন্ত্রী জাবেদ (সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী), তার ৩৬০টা বাড়ি পাওয়া গেছে লন্ডনেই, দুবাইয়ে বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে। সব বাংলাদেশের সম্পদ, আপনার-আমার টাকা, জনগণের টাকা লুণ্ঠন করে তারা এভাবে নিয়ে গেছে। তিনি বলেন, এখনো প্রশাসনে তাদের বেশ কিছু লোক বসে আছে, যে জন্য প্রকৃত চিত্র এখনো জনগণের কাছে ভালোভাবে পৌঁছাচ্ছে না।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, যেসব অন্যায়-অবিচারের বিচার সব দেশে জনগণের চাওয়া ছাড়াই হয়। বাংলাদেশে দিনরাত কান্নাকাটি, বছরের পর বছর কান্নাকাটি করেও এই অপরাধের কোনো বিচার তাদের হয় না।
পররাষ্ট্রনীতির সমালোচনা করে স্পিকার বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতকে এই মাফিয়া সরকার সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছে, কিন্তু সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে পারেনি। এ ছাড়া মাদকের বিস্তার নিয়ে তিনি বলেন, ২০০৬ সালে এ দেশে কোনো মাদক ছিল না, এসব আওয়ামী লীগ সৃষ্টি করেছে। তারা নিজেরা মাদক খায় আবার তারাই বিক্রি করে।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন