ঢাকার দুই সিটির বর্জ্য বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
পালস নিউজ বিডি : ঢাকার দুইটি বর্জ্য ব্যবস্থাপনা থেকো বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দৃুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে জানানো হয়, আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে চীনের সিএমইসি গ্রুপ এবং এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি।
আমিনবাজারে প্রকল্পটির আওতায় প্রতিদিন ঢাকার প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। আগামী ২০২৮ সালের আগস্টের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি চালু হলে প্রায় ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন বর্জ্য ব্যবহার করা হবে।প্রকল্পটির মাধ্যমে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে, যা ব্যবহার করে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকল্প দুটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি এ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়াতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজনের নির্দেশ দেন।
মতামত দিন