জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১৭ পয়সা
পালস নিউজ বিডি : সব ধরণের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাড়ানো হয়েছে বাস ভাড়া। যাত্রীপ্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সিদ্ধান্তের পর এখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হলো।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়ালো ২ টাকা ৭০ পয়সা।
এর আগে গত রোববার জ্বালানি তেলের মূল্য বাড়ায় সরকার। রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। সোমবার থেকে এ দর কার্যকর হয়েছে। সবশেষ জুনে তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।
প্রজ্ঞাপনে ডিজেলের দাম বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রোল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার করা হয়েছে।
মতামত দিন