কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের ৯ জনই বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কলকাতার ফায়ার সার্ভিস।
প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, এয়ার কন্ডিশন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার ভোররাতে শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটে। রাত প্রায় ২টার দিকে আগুন লাগার পর ভবনের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। পরে শুরু হয় বড় ধরনের উদ্ধার অভিযান।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত নয়জনই বাংলাদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বলে জানা গেছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে সহায়তার জন্য একটি দুর্যোগ ব্যবস্থাপনা দলও সেখানে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের উদ্ধারে অভিযান চালান। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
তবে ভবনটির ভেতরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সিঁড়ি দিয়ে ওপরের তলাগুলোতে পৌঁছাতে দমকলকর্মীদের সমস্যায় পড়তে হয়, বলে জানা গিয়েছে।
নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এক পুলিশ কর্মকর্তা, সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আটকে পড়াদের উদ্ধার করা এবং আগুনের কারণ খুঁজে বের করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।
কলকাতার এই অগ্নিকাণ্ডের দুইদিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি হোটেলেও ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ১৭ আগস্ট ভোররাতে তারাপীঠের হোটেল বিদেশিনীতে আগুন লেগে অন্তত আটজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।
তারাপীঠের ওই অগ্নিকাণ্ডে মেঘালয়ের একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন সদস্য নিহত হন। প্রতিবেদন অনুযায়ী, পরিবারটি হোটেলের সবচেয়ে ওপরের তলায় অবস্থান করছিল। সূত্র- এনডিটিভি।
মতামত দিন