ঢাকায় নারীদের জন্য বিশেষ বাস, উদ্বোধন মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক :
নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ঢাকায় বিশেষ বাস সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার থেকে ‘মহিলা বাস সার্ভিস’ নামে গোলাপি রঙের এসব বাস চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন রুটে ১০টি বাস নামানো হবে।
এসব বাসে চালক ও চালকের সহকারী হিসেবে নারী কর্মী থাকবেন। বাসের গায়ে লেখা থাকবে ‘মহিলা বাস সার্ভিস’। উদ্বোধনের দিন বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলবে এবং বুধবার থেকে পূর্ণাঙ্গভাবে সেবা চালুর কথা রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্ধোধন করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন রুটে ১০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। বগুড়া ও চট্টগ্রামে চলবে আরও চারটি বাস। যাত্রীদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে।
রাজধানীতে মতিঝিল বাস ডিপোর অধীনে দুটি রুটে এই সেবা দেওয়া হবে। নতুন বাজার থেকে কোকাকোলা, উত্তর ও মধ্য বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে একটি বাস। অন্যটি তালতলা থেকে খিলগাঁও রেলগেট, বাসাবো, মুগদা, কমলাপুর, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলবে।
যাত্রাবাড়ী ডিপোর বাস চলবে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও পর্যন্ত। এ পথে বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন পড়বে।
কল্যাণপুর ডিপোর অধীনে থাকবে মিরপুর-১০ থেকে মতিঝিল রুট। বাসটি মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে।
মিরপুর ডিপোর অধীনে থাকবে আরও দুটি রুট। একটি মিরপুর-১২ থেকে মতিঝিল এবং অন্যটি মিরপুর থেকে মতিঝিল। এসব পথে মিরপুরের বিভিন্ন এলাকা, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল যুক্ত থাকবে।
নারায়ণগঞ্জ-ঢাকা, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর রুটেও মহিলা বাস চলাচল করবে। মোহাম্মদপুরের বাস শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলবে।
নারায়ণগঞ্জের বাস চাষাড়া, শিমরাইল, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে।
অন্যদিকে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটের বাস আশুলিয়া, বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট ও শাহবাগ হয়ে মতিঝিলে যাবে। গাজীপুর-বিমানবন্দর রুটের বাস গাজীপুর, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা ও আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে।
বিআরটিসির এই উদ্যোগ বাস্তবায়িত হলে গণপরিবহনে নারীদের জন্য আলাদা ও তুলনামূলক নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন