হামের টিকা নিয়ে ব্যবসার অভিযোগ : ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
নিজস্ব প্রতিবেদক :
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা নিয়ে ব্যবসা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই নোটিশ পাঠান।
হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে ড. ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ এনে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আশরাফুল ইসলাম বলেন, ‘হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’
প্রসঙ্গত, চলতি বছর দেশে ব্যপকভাবে হামের প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৩ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ জন শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯০২ জন শিশু মারা গেছে।
মতামত দিন