সিকিউরিটি গার্ড আব্দুস সালামের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পালস নিউজ বিডি : একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড আবদুস সালামের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানী রমনা এলাকায় কর্মরত আবদুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় আতিকুর রহমান রুমন আব্দুস সালামের শারীরিক অবস্থা ও পারিবারিক খোঁজখবরও নেন।
জানা গেছে, পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম গত আট মাস ধরে রাজধানীর সাবেক রমনা থানার সামনের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। এর আগে তিনি পেশায় গাড়িচালক ছিলেন। স্ট্রোক করার পর গাড়ি চালানো সম্ভব না হওয়ায় তিনি এই পেশায় যোগ দেন। বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই সড়ক দিয়ে যাতায়াত করলে তিনি নিয়মিত ধানের শীষ হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তার খোঁজখবর নেওয়া এবং উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কখনো ভাবেননি তার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নজরে পড়বে কিংবা তার জন্য বিশেষ উপহার পাঠানো হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে প্রতিদিন শুভেচ্ছা জানানো তার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, একজন সাধারণ কর্মজীবী মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
মতামত দিন