শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন এবং রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
পালস নিউজ বিডি : সিলেট-জাফলং রেলসড়ক নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন এবং রেলপথ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে তিনি এই পরিদর্শন কর্মসূচি পরিচালনা করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে সকাল সাড়ে ১১টার দিকে পারাবত এক্সপ্রেস কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে কিছু সময়ের জন্য থামে।
এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফরসঙ্গী কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয়রা রেলওয়ের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরলে মন্ত্রী তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী রেলওয়ের অবকাঠামো ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সিলেট পর্যন্ত যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টেশন ও রেললাইনের সমস্যা সরেজমিনে পরিদর্শন করা হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন মন্ত্রী।
মতামত দিন