ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রথম অফিস করলেন হাফিজ উদ্দিন
পালস নিউজ বিডি : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে এসে দাপ্তরিক কাজ শুরু করেন তিনি।
এর আগে গত ২৪ জুলাই (শুক্রবার) সংবিধানবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২–এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম ও প্রশাসনিক বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন।
মতামত দিন