বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পালস নিউজ বিডি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ সরকার ।
রোববার দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বেনজীর আহমেদ জামিনের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখন শুনলাম স্টেজে বসে। সাথে সাথেই আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে ইউএই অ্যাম্বাসেডার তার সাথে কথা বলেছেন। আমরা কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি, শুধুমাত্র এই বিষয়টার জন্য। তাকে ইন্সট্রাকশন দেয়া হয়েছে যেন বেইল ক্যানসেলেশনের জন্য সে পারসু করবে।’
বাংলাদেশে দুর্নীতির বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা আসলেই মুক্তি পেয়েছেন কি না, সাংবাদিকরা এমন প্রশ্নও করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এই তথ্য সঠিক জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জামিন বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশনে এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কী কী শর্ত সেটা আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে, তাদেরকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যানসেলেশনের জন্য তারা পারসু করে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি এবং আমরা আশা করছি, আমরা বেইল ক্যানসেল করতে পারব এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারব।’ সূত্র: বিবিসি
মতামত দিন