বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই : অর্থমন্ত্রী
পালস নিউজ বিডি : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই। এক মাসের মধ্যে এ সংকট সমাধান করা সম্ভব নয়। তবে সমস্যা কাটিয়ে উঠতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি সংকটের সমাধান হবে, তবে তা ধীরগতিতে হবে বলে জানান তিনি।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশাবিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। এ জন্য সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।
অর্থমন্ত্রী আরোও বলেন, একা অর্থমন্ত্রী বা সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এসে এর আগেও কঠিন পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কমিটি গঠন এবং ওয়েবসাইট চালু করা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, ব্যবসায়ীরা কোনো জায়গায় আটকে গেলে তা সমাধানে সরকার বদ্ধপরিকর। তবে কোথাও বাধার মুখে পড়লে ব্যবসায়ীদেরও নিজেদের উদ্যোগে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে।
বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিয়ে অর্থমন্ত্রী বলেন, এসব সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই। এক মাসের মধ্যে এ সংকট সমাধান করা সম্ভব নয়। তবে সমস্যা কাটিয়ে উঠতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি সংকটের সমাধান হবে, তবে তা ধীরগতিতে হবে বলে জানান তিনি।
এদিকে সরকারি দপ্তরে অপ্রয়োজনে বারবার কাগজপত্র চাওয়া এবং অনৈতিক অর্থ দাবির কারণে মানুষের অতিরিক্ত খরচ ও ভোগান্তি বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, সরকারি দপ্তরের এই হয়রানি জ্বালানি সংকটের মতো নয়, যার সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার চাইলে এই ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে।
মতামত দিন