বরিশাল সফরে শিক্ষার্থীদের আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
পাালস নিউজ বিডি: খুদে শিক্ষার্থীদের আবদার পূরনে জন্য বরিশাল সফরকালে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এ সময় আনন্দ উল্লাসে মেতে উঠেন তারা। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ-সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তাকে একনজর দেখতে গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত মহাসড়কের দুই পাশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। পথে সাতমাইল এলাকায় সড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষের উপস্থিতি দেখে প্রধানমন্ত্রী তার গাড়িবহর থামান। এরপর তিনি শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান তারা এবং স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানালে তিনি এক ছাত্রীর মোবাইল ফোন হাতে নিয়ে নিজেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করলে তাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মতামত দিন