প্রতিটি ওয়ার্ডে মানসম্মত খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
পালস নিউজ বিডি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, প্রতিটি ওয়ার্ডে মানসম্মত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। । রাজধানীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের উদ্যোগও এরই অংশ।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী জানান, সরকার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে নগর ও গ্রামাঞ্চলে সবুজায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করছে। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের উদ্যোগও এরই অংশ।
তিনি বলেন, দেশে প্রায় ১৮ হাজার স্কুলে কোনো খেলার মাঠ নেই। সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে পরিবেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পরিবেশ, নগর ব্যবস্থাপনা ও মানুষের জীবনমানের উন্নতি হবে।
তিনি জানান, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ইটভাটার ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ব্লক ও অটো ব্রিকের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশ দূষণ কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ইটের পরিবর্তে ব্লকের ব্যবহার বাড়ানো পরিবেশের জন্য ইতিবাচক হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
মতামত দিন