পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক
পালস নিউজ বিডি : বিতর্কের মুখে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি। কয়েকদিন আগে মাদক বিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শন করে ব্যাপক বির্তকের মুখে পড়েন ইশরাক হোসেন।
সোমবার বেলা ২টার আগে নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবে পৌঁছান ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দেন।
সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিজের নিরাপত্তার জন্যই সেদিন অস্ত্র হাতে নিয়েছিলাম। মিডিয়া কিছুটা সত্য ও কিছুটা অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে। এতে আমি অসম্মানিত হয়েছি; আমার দল বিব্রত হয়েছে।
সেখানে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করে তিনি বলেন, ‘কিছু সংবাদমাধ্যম ন্যারেটিভ তৈরি করে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করেছে। ’
এদিকে পদত্যাগের ঘোষণার আগে ইশরাক সাংবাদিকদের বলেন, “দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। ”
এসময় তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ”
এর আগে সকালে ইশরাক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।
সম্প্রতি রাজধানীতে নিজেই দলবল নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক। এসময় তার হাতে নিজের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দেখা যায়। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এ অবস্থায় রোববার (১৮ অক্টোবর) তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর একদিন পর আজ পদত্যাগ করেছেন ইশরাক হোসেন।
মতামত দিন