দুদকে যোগদান করেছেন নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার
পালস নিউজ বিডি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার যোগদান করেছেন আজ। কমিশনার দুজন হলেন, জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
বুধবার (১৯ আগস্ট) থেকে নিয়মিত দুদকের কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন তারা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান।
দুদক সচিব বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। গতকাল নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগের গেজেট প্রকাশ করা হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে সরকার তাদের নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, আজ দুপুর ২টায় নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেছেন। রাষ্ট্রপতির কাছে যোগদানের প্রক্রিয়ায় মন্ত্রিপরিষদ সচিব মাধ্যম হিসেবে কাজ করেন। আগামীকাল থেকে তারা দুদকের কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ ও কার্যক্রম শুরু করবেন। আগামীকাল সকালে আমাদের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন সূত্র এসব তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।
এর মধ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মতামত দিন