গ্লোবাল গেটওয়ে ফোরামে ২০২৭ সালের তৃতীয় আসরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ
পালস নিউজ বিডি : গ্লোবাল গেটওয়ে ফোরামের ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য তৃতীয় আসরে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন।
সোমবার (৬ জুলাই) বিকেলে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ সংক্রান্ত আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি মূল বক্তব্য (কীনোট) দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে। এ সফরের সময় দুই পক্ষের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ তৈরির কথাও উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে।
একই সফরে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের একটি পৃথক চিঠিও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের সার্বিক অগ্রগতি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা, আসন্ন বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দুই পক্ষ পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের সহযোগিতাকে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মতামত দিন