ইপিআই টিকা ও যক্ষ্মা-এইডসের ওষুধ কিনতে ৪৬৩ কোটি টাকার অনুমোদন
জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই), যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এবং এইচআইভি/এইডস রোগীদের চিকিৎসায় ব্যবহৃত টিকা ও ওষুধ ক্রয়ের জন্য মোট ৪৬৩ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ২০ টাকার চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম চালু রাখতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য অবশিষ্ট ৫০ শতাংশ রুটিন ভ্যাকসিন সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাত ধরনের ভ্যাকসিন কেনা হবে, যার ব্যয় ধরা হয়েছে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৭৫৫ টাকা।
এছাড়া যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য অত্যাবশ্যকীয় অ্যান্টি-টিবি ওষুধ অতিরিক্ত ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। মেসার্স রেনেটা পিএলসি থেকে ১ কোটি ৭ লাখ ৭৩ হাজার ইউনিট ওষুধ সংগ্রহ করা হবে। এতে অতিরিক্ত ব্যয় হবে ১৫ কোটি ৫১ লাখ ৩১ হাজার ২০০ টাকা।
সভায় যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য জিনএক্সপার্ট কার্ট্রিজ অতিরিক্ত ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) থেকে ২ লাখ ৯৬ হাজার ৪০০ কার্ট্রিজ কেনা হবে, যার জন্য অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৯৩৫ টাকা।
এছাড়া এইচআইভি/এইডস কর্মসূচির আওতায় অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধ অতিরিক্ত ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি ও ওষুধ সংকট এড়াতে পাঁচ ধরনের ওষুধ কেনা হবে, যার অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫২ লাখ ১৬ হাজার ১৩০ টাকা।
মতামত দিন