আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ভূয়া : তথ্যমন্ত্রী
পালস নিউজ বিডি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয়।
বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে বিশ্ব যুব দিবস উপলক্ষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। তবে এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। তাই যে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই, সেটিকে আপাতত গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে না সরকার।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। এ বিষয়ে ইতিবাচক ফলাফলের প্রত্যাশায় বাংলাদেশ অপেক্ষা করছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় তথ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনা, এর ব্যবহার এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও বক্তব্য দেন।
মতামত দিন