আর্জেন্টিনাসহ ৬ দেশের ২০৩০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত
পালস নিউজ বিডি ডেস্ক : ফুটবল খেলা পছন্দ কে না করে, সবাই ফুটবল খেলার পাগল। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো তিন মহাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈশ্বিক ফুটবল আসর।
২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে ইতোমধ্যে ছয়টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দেশগুলো হলো—স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
এর মধ্যে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো হবে মূল আয়োজক। আর বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
স্বাগতিক দেশ হিসেবে ছয় দলের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হলেও উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে বাছাইপর্বে অংশ নেবে। ফিফার নিয়ম অনুযায়ী, তাদের বাছাইপর্বের ফলাফল মূল আয়োজনে অংশগ্রহণের ক্ষেত্রে বিবেচনায় থাকবে না।
২০৩০ সালে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি হবে। ঐতিহাসিক এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক দল এবং রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল-এর সদর দপ্তর প্যারাগুয়েতে হওয়ায় দেশটিকেও আয়োজনের অংশ করা হয়েছে।
ফিফার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের ম্যাচগুলো ৬ দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় আয়োজন। প্রাথমিক সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৮ জুন শুরু হয়ে ২১ জুলাই শেষ হবে টুর্নামেন্ট।
মতামত দিন