নিত্যপণ্যের সম্ভাব্য সরবরাহ সংকট আগাম শনাক্ত করবে এআই: বানিজ্যমন্ত্রী
পালস নিউজ বিডি : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় ও সংবেদনশীল পণ্যের সম্ভাব্য সরবরাহ সংকট আগাম শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সমন্বিত প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য শুধু পণ্যের দাম নিয়ন্ত্রণ করা নয়, বরং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
তিনি আরও বলেন, এই প্রযুক্তির মাধ্যমে আগাম জানা যাবে কোন সময়ে কোন পণ্যের সংকট দেখা দিতে পারে, কোন দেশ থেকে আমদানি করা সুবিধাজনক হবে, কোন দেশের রপ্তানি সক্ষমতা কেমন এবং কোন সময়ে আমদানি করলে বাজারে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে।
মন্ত্রী জানান, প্রস্তাবিত এআইভিত্তিক প্ল্যাটফর্মে গত ১০ বছরের উৎপাদন, আমদানি-রপ্তানি, বাজারদর ও আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সহায়তা পাওয়া যাবে। বর্তমানে এসব তথ্য বিশ্লেষণে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক প্রয়োজন হয় এবং সিদ্ধান্ত নিতে সময় লাগে। তবে এআই প্রযুক্তি চালু হলে কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় বিশ্লেষণ পাওয়া সম্ভব হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি, খাদ্য ও শিল্পসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা সংবেদনশীল পণ্য নিয়ে আলাদাভাবে কাজ করছে। কোন পণ্য দেশীয় উৎপাদননির্ভর, কোনটি আমদানিনির্ভর এবং কোন পণ্যের ক্ষেত্রে উৎপাদন ও আমদানির সমন্বয় প্রয়োজন—এসব তথ্য একত্র করে একটি সমন্বিত বিশ্লেষণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ সরবরাহ সংকট। উৎপাদন বা আমদানির উৎসে কোনো সমস্যা দেখা দিলে যাতে হঠাৎ করে বাজারে ঘাটতি তৈরি না হয়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের স্থানীয় উৎপাদন, মৌসুমি চাহিদা, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, রপ্তানিকারক দেশগুলোর উৎপাদন সক্ষমতা এবং আমদানির উপযুক্ত সময় নিয়মিত বিশ্লেষণ করতে হবে। এতে সম্ভাব্য সংকট আগেই চিহ্নিত করে প্রয়োজনীয় আমদানির সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
মতামত দিন