ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার অর্থায়ন করছে আইডিবি
পালস নিউজ বিডি : দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বাড়াতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।
এ অর্থায়নের ফলে দেশের অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুওে এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চুক্তি স্বাক্ষর করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি সই হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হবে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি খাতের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন