রায়ের পর যে প্রতিক্রিয়া জানালেন তামিমার সাবেক স্বামী
তালাক ছাড়া বিয়ের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির উদ্দিন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত। আজ বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।
এই রায়ের প্রতিক্রিয়ায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন তামিমার সাবেক স্বামী রাকিব। তিনি দাবি করেন, পর্যাপ্ত প্রমাণ ও পিবিআর রিপোর্ট জমা দেয়া সত্ত্বেও তিনি কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাননি।
রাকিব বলেন, ‘আমরা সব ধরনের প্রমাণ আদালতে উপস্থাপন করেছি, পিবিআর রিপোর্টও ছিল। তারপরও যদি ন্যায়বিচার না পাই, তাহলে সাধারণ মানুষের জন্য বিচার পাওয়া কঠিন হয়ে যায়।’
তার অভিযোগ, টাকার প্রভাব ও ক্ষমতার কারণে বিচার প্রক্রিয়া প্রভাবিত হয়েছে। একইসঙ্গে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও বাদী রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলা অবস্থাতেই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাকিব মামলা করেন। ওই বছর ৩০ সেপ্টেম্বর আদালতে তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। ওই বছরের ৬ মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু।
অন্যদিকে সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। রাকিবের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।
২০২৫ সালের ১৬ এপ্রিল মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ১০ মার্চ মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানি হয়। শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
গত ৩০ মার্চ নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তামিমা, যা ৮ এপ্রিল শেষ হয়। এরপর গত ৬ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ এই মামলায় রায় ঘোষণা করা হলো।
মতামত দিন