মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে
পালস নিউজ বিডি : জামায়াত নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ॥
শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে তোলার আগে প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশে নিজের ক্ষোভের কথা জানান আখতারুজ্জামান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে তার হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো হয়েছে। পরে প্রিজন ভ্যান থেকে নামার সময় তিনি মাথার হেলমেট ছুড়ে ফেলেন এবং বলেন, ‘আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না। ’
শুনানির সময় নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ৭টার দিকে ডিবি তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। এজাহারে অভিযোগ করা হয়, গত ১ অক্টোবর মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ইএ-৩৩৮-এর যাত্রীদের লাগেজ পেতে দেরি ও ট্রলি সংকটের কারণে বিমানবন্দরে উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তাকে গালাগাল ও হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়।
এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় রয়েছে।
মামলায় সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম বিমানবন্দর থানা পুলিশ পরিচালনা করছে।
আখতারুজ্জামান এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি একাধিকবার বিএনপি থেকে বহিষ্কৃত হন। সর্বশেষ ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
মতামত দিন