জাহাজবাড়িতে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
পালস নিউজ বিডি : ‘জঙ্গি নাটক সাজিয়ে’ রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ তরুণকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আবেদন করা হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। এদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিন প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউর গাজী এমএইচ তামীম। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।
এরপর আসামিপক্ষের শুনানির জন্য সময়ের আবেদন জানালে ২ আগস্ট দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
এ মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ পলাতক আসামিরা হচ্ছেন—ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
মতামত দিন