অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার : প্রেমিক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা হয়েছে। এ মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ, পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রোববার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, রিধিকার মা বাদী হয়ে শনিবার আত্মহত্যায় প্ররোচনার একটি মামলাটি করেছিলেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে হাসিবুর রহমানকে।
এর আগে, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন এবং ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে, জানা গিয়েছে।
পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, রিধিকার মৃত্যু আত্মহত্যার কারণে হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এবং এর পেছনে অন্য কোনো বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। মামলার তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন রিধিকা রিধি। এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন, সুন্দরীসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।
মতামত দিন