রাশিয়ার যুদ্ধ থেকে ফেরা আহত রাজনের বাড়িতে হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় যুদ্ধে ড্রোন হামলায় আহত রাজন হোসেনের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজন হোসেন জানান, বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সহযোগিতা নিয়ে বাসায় ফেরার পথে কয়েকজন তাদের ইজিবাইক গতিরোধ করে। তাদের হাতে লোহার শাপল ছিল। গ্রামের রাস্তায় নামিয়ে তারা আমার বাবাকে মারধর করে। আমাকেও লোহার শাবল দিয়ে মারতে আসে। এসময় স্থানীয় কয়েকজন তাদের বাধা দেয়।
তিনি আরো বলেন, সাংবাদিকদের কাছে দালাল আবু তাহের লেন্টু ও সোহেলের নাম বলায় তারা হামলা করেছে। আমি এখনো ঠিকমতো হাঁটতে পারছি না। রাশিয়ায় ড্রোন হামলায় আমার একটি পায়ে কোনো শক্তি পাচ্ছি না। এরমধ্যে আমার বাড়িতে হামলা চালিয়েছে দালালের লোকজন।
কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, হামলার খবর শুনেই পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত রাজনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। শুনেছি বাসায় ফেরার পথে তার উপর হামলা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ মে দালালের খপ্পরে পড়ে রাশিয়া যায় রাজন। সেখানে তাকে নির্মাণ শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে যুদ্ধে পাঠানো হয়। এরপর সেখানে ২১ দিন প্রশিক্ষণ শেষে ফ্রন্ট লাইনে যুদ্ধে যায়। প্রথম দিনেই ড্রোন হামলায় গুরুতর আহত হয় রাজন। সেখান থেকে গত ২১ আগস্ট ট্রাভেল পাশ নিয়ে দেশে ফিরে আসে রাজন।
মতামত দিন