ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, সাত দাবিতে অনড়
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয়ের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির আমানতকারী ও গ্রাহকরা। ব্যাংকটির চলমান আন্দোলনের অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ৭ দফা দাবি পুনর্ব্যক্ত করেন এবং গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।
রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে আমানতকারী ও গ্রাহক অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন ও নতুন চেয়ারম্যান নিয়োগ কেন্দ্র করে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান।
এর আগে শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ সাত দফা দাবি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র নুর উন-নবী বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রতিক ঘটনাবলির প্রতিবাদে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।
ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে ইসলামী ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিকে নিয়োগ, ব্যাংকের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করা।
এছাড়া ব্যাংক খাতে সংঘটিত অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও দায়ীদের বিচারের আওতায় আনা, ইসলামী ব্যাংকগুলোতে স্থিতিশীলতা বজায় রাখতে বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকা, অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং ব্যাংকের দায় পরিশোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।
জানা গেছে, ২৪ মে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটিকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা এবং গ্রাহকদের একাংশের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর ধারাবাহিকতায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
মতামত দিন